মুক্তিযোদ্ধা জিয়াকে কটাক্ষ

মুক্তিযোদ্ধা জিয়াকে নিয়ে শেখ হাসিনার রাজাকার বেয়াইর কটাক্ষ : ‘তাদের নেতা নাকি বাঁশি ফুঁ দিয়ে স্বাধীনতার ঘোষণা দেন’



প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখানোর চেয়ে দিনের বেলায় একটি কুপি জ্বালিয়ে সূর্যকে বলুন তোকে আলো দেখালাম।’
গতকাল বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক লীগের এক আলোচনা সভায় আওয়ামী লীগের এ নেতা এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসনকে ব্যঙ্গ করে মোশাররফ বলেন, ‘তোমাগো আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ লাগবো না, ছাত্রলীগ লাগবো না। তোমাগো প্রতিহত করতে শ্রমিক লীগই যথেষ্ট।’
স্বাধীনাতর ঘোষণা সম্পর্কে তিনি বলেন, ‘ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মধ্যেই বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। কিন্তু এখন আরেকটি দল দাবি করে তাদের নেতা নাকি বাঁশি ফুঁ দিয়ে ড্রামের ওপর দাঁড়িয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।’ যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মানতে চায় না তারা বাংলাদেশী নয় বলেও মন্তব্য করেন সরকারের এই প্রভাবশালী মন্ত্রী।
তিনি বলেন, ‘একটি গোষ্ঠী বঙ্গবন্ধুকে জাতির পিতা মানতে চায় না, মুক্তিযুদ্ধকে মানতে চায় না। যদি আপনাদের আপত্তি থাকে তবে দেশের বর্ডার খোলা আছে, এদেশ ছেড়ে চলে যান। আমরা কোনো ভেজাল পছন্দ করি না।’
সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেনর চৌধুরী মায়া বলেন, ‘জামায়াত-শিবিরের ওপর গজব নাজিল হবে। কারণ তারা সব বিষয়ে মিথ্যাচার করে এবং দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে।’
শ্রমিক লীগের সভাপতি শুক্কুর আহমেদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি হুমায়ন কবির, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, অর্থ সম্পাদক মুহাম্মদ সুলতান উদ্দিন আহমেদ প্রমুখ।